কুষ্টিয়ার মিরপুরে তামাকের মাঠ থেকে সন্তোষী বালা দাসী (৪৮) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার সকালে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান গ্রামের আবদুস সালামের বাড়ির নিচে তামাকের মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।

সন্তোষী বালা দাসী বারুইপাড়া ইউনিয়নের (মশান-ঢেপাহাটি-একতারপুর) এলাকার ঋষি পাড়ার ঝন্টু দাসের স্ত্রী। শুক্রবার (১৪ মার্চ) পাতা কুড়াতে এসে বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে জানা গেছে। পুলিশ ধারণা করছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।

বারুইপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জিন্নাহ আলী খান বলেন, ‘শুক্রবার বিকেলের দিকে পাতা কুড়াতে বাড়ি থেকে পাশের মাঠের দিকে যায়। এরপর আর ফিরে না আসায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। সকালে স্থানীয় কৃষকরা তামাক ভাঙ্গতে গিয়ে লাশ দেখতে পায়। তবে এ নারীর কানে স্বর্ণের দুল ছিল। ঘটনাস্থলের আশপাশে প্রতিনিয়ত মাদকসেবীদের আড্ডা বসে। হয়তোবা দুল ছিনিয়ে নিতে চিনে ফেলায় এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এলাকাবাসী আশঙ্কা করছে, ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে।’

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, ‘সকালে তামাক ক্ষেতের মধ্যে তার লাশ পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন থানায় খবর দেন। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।’

ওসি আরো জানান, এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদেরকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ নিয়ে থানায় হত্যা মামলা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।