নোয়াখালীর হাতিয়ায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন হয়েছেন।

আজ শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।

রাকিব একই এলাকার মরহুম এনায়েত হোসেনের ছেলে। পুলিশ ঘাতক ছোট ভাই সাকিবকে গ্রেফতার করেছে।

সূত্রে জানা গেছে, সাকিবের তিনটি বিয়ে হলেও তিন স্ত্রীই তাকে ছেড়ে চলে গেছেন। ঘটনার দিন সাকিব আরেকটি বিয়ে করার পরিকল্পনা করলে বড় ভাই রাকিবের সাথে তার বাদানুবাদ হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। স্থানীয়রা তাদের শান্ত করার চেষ্টা করলেও কিছুক্ষণ পর আবার তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। এরই মধ্যে সাকিব ঘর থেকে ছুরি নিয়ে এসে রাকিবের বুকে আঘাত করে পালিয়ে যায়।

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো: খোরশেদ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং সাকিবকে গ্রেফতার করে। রাকিবের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে এলাকায় অভিযান চালিয়ে বাড়ির পাশের একটি পুকুর পাড় থেকে আসামি সাকিবকে গ্রেফতার করা হয়। আজ সকালে সরেজমিনে সাকিবকে সাথে নিয়ে যে ছুরি দিয়ে তিনি আঘাত করেছেন সেটি উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।