কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুরের কাউখালীতে সামাজিক সংগঠন ‘ইউনিটি ফর হিউম্যানিটি’র উদ্যোগে বিনামূল্যে অক্সিজেন সেবা কার্যক্রম চালু করা হয়েছে। জরুরি মুহূর্তে অসুস্থ রোগীদের দ্রুত অক্সিজেন সেবা নিশ্চিত করার লক্ষে এ উদ্যোগ নেয়া হয়েছে।

রোববার (২২ আগস্ট) বিকেলে উপজেলার সামাজিক সংগঠন ‘ইউনিটি ফর হিউম্যানিটি’র উদ্যোগে ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুব্রত কর্মকার, ক্যাপ্টেন এস কে শহীদ (অব), আয়রন জয়কুল এম এম মোদাচ্ছের মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নান্না মিয়া, কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের ওটি ইনচার্জ মো: মাসুম হাওলাদারসহ স্থানীয় যুবসমাজ ও সংগঠনের স্বেচ্ছাসেবকরা।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, প্রয়োজনীয় রোগীদের বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হবে। তবে সিলিন্ডার নিতে হলে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র দেখাতে হবে। আপাতত কয়েকটি সিলিন্ডার দিয়ে এ কার্যক্রম শুরু করা হয়েছে। চাহিদা ও প্রয়োজনীয়তার ভিত্তিতে ধীরে ধীরে সিলিন্ডারের সংখ্যা বাড়ানো হবে।

সংগঠনের স্বেচ্ছাসেবকরা বলেন, নদীমাতৃক কাউখালী উপজেলা পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে প্রায় দেড় লক্ষাধিক মানুষের বসবাস। উপজেলার বিশাল জনগোষ্ঠী একটি মাত্র স্বাস্থ্য কমপ্লেক্সের ওপর নির্ভরশীল। নদীমাতৃক এলাকা হওয়ায় অনেক সময় জরুরি রোগীদের দ্রুত স্বাস্থ্যসেবা কেন্দ্রে নেয়া সম্ভব হয় না। ফলে সঙ্কটাপন্ন রোগীদের সময়মতো অক্সিজেন সেবা পাওয়াও কঠিন হয়ে পড়ে।

তারা আরো বলেন, জরুরি প্রয়োজনে যেকোনো সময় সংগঠনের স্বেচ্ছাসেবকদের জানালে রোগীর কাছে অক্সিজেন পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হবে। পাশাপাশি ভবিষ্যতে জরুরি রোগীদের দ্রুত স্বাস্থ্যসেবা কেন্দ্রে পৌঁছে দিতে যাতায়াতের ব্যবস্থাও চালু করার পরিকল্পনা রয়েছে। মানবিক এ কার্যক্রমে সংগঠনের স্বেচ্ছাসেবকরা সবসময় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুব্রত কর্মকার বলেন, ‘প্রায় দেড় লক্ষাধিক মানুষের বসবাস এই উপজেলায়। নদীমাতৃক এলাকা হওয়ায় এবং সহজ যাতায়াত ব্যবস্থা না থাকায় অনেক সময় বৃদ্ধ ও জরুরি রোগীরা সঠিক সময়ে অক্সিজেন সেবা থেকে বঞ্চিত হন। সময়মতো প্রয়োজনীয় অক্সিজেন না পেয়ে কোনো রোগীর মৃত্যুবরণ করা অত্যন্ত দুঃখজনক। এমন পরিস্থিতিতে ‘ইউনিটি ফর হিউম্যানিটি’র বিনামূল্যে অক্সিজেন সেবা চালুর উদ্যোগ মানবতার সেবায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।’

স্থানীয়রা মনে করছেন, প্রত্যন্ত ও নদীবেষ্টিত কাউখালীতে এ ধরনের মানবিক উদ্যোগ জরুরি রোগীদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।