অত্যাচারে অতিষ্ট হয়ে মাদকাসক্ত ছেলেকে বটি দিয়ে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন বাবা। মঙ্গলবার (২৯ এপ্রিল) গাজীপুরের শ্রিপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া (আটিপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, প্রায় সাত বছর আগে ছেলে আনোয়ার হোসেনকে মালয়েশিয়ায় পাঠান বাবা মোহাম্মদ আলী। প্রবাস থেকে ফিরে ছেলে মাদকাসক্ত হয়ে পড়েন। পরে তাকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করলে সুস্থ হয়ে উঠেন আনোয়ার। পরবর্তী সময়ে আবারো তাকে সৌদি আরবে পাঠিয়ে দেয়া হয়।

তিনি আরো জানান, সৌদিতে তিন বছর প্রবাস জীবন কাটিয়ে এক বছর আগে বাড়িতে ফেরেন আনোয়ার। পরে আবারো মাদকাশক্ত হয়ে পড়েন তিনি। পরে বাবার জমানো টাকা খরচ করে শেষ করেন তিনি। এরপর বাবার কাছে টাকা চেয়ে না দিলে বাড়িতে ভাঙচুর এবং মারধর করতেন আনোয়ার।

এদিকে বাবাকে না জানিয়ে আটটি গরু ও পুকুরের মাছ বিক্রি করে দেন আনোয়ার।

আরো জানা যায়, মঙ্গলবার বিকেলে গোয়াল ঘরে গিয়ে গরুকে লাঠি দিয়ে পেটাতে থাকেন আনোয়ার। এ সময় তার বাবা নিষেধ করলে তাকেও মেরে ফেলার হুমকি দেন তিনি। একপর্যায়ে বাবার সাথে তর্কে জড়িয়ে তাকে মারধর করেন আনোয়ার। এ নিয়ে ক্ষোভ জন্মে রাত ৩টার দিকে ঘুমন্ত ছেলেকে বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন মোহাম্মদ আলী।

এদিকে হত্যার পরদিন বুধবার (৩০ এপ্রিল) সকালে নিজে থানায় উপস্থিত হয়ে ছেলেকে হত্যার কথা স্বীকার করেন তিনি। পরে পুলিশ তাকে গ্রেফতার করে ছেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।