২০২৫-২০২৬ অর্থবছরে সিলেটে মূসক (ভ্যাট) খাতে ১ হাজার ৫৭০ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। আগের অর্থবছরের তুলনায় এ খাতে প্রায় ১৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বলে জানিয়েছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট।
বুধবার (১ জুলাই) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২০২৬ অর্থবছরে প্রতিষ্ঠানটি মূসক খাতে ১ হাজার ৫৭০ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। এর আগের ২০২৪-২০২৫ অর্থবছরে এ খাতে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ১ হাজার ৩৬২ কোটি টাকা। সে হিসাবে চলতি অর্থবছরে প্রায় ১৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
কমিশনারেট জানায়, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ ভ্যাট বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় এ সাফল্য এসেছে।
এছাড়া ভ্যাট নিবন্ধনের আওতা বৃদ্ধি, ভ্যাট নেটওয়ার্ক সম্প্রসারণ, অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের সংখ্যা বৃদ্ধি, নিয়মিত দাফতরিক পরিদর্শন, অডিট এবং মামলা নিষ্পত্তিসহ বিভিন্ন কার্যক্রম রাজস্ব আদায়ে ইতিবাচক ভূমিকা রেখেছে।
রাজস্ব আদায়ে এ অর্জনের জন্য সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বিভিন্ন ব্যবসায়ী সংগঠন এবং নিয়মিত ভ্যাট প্রদানকারী ব্যবসায়ীদের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট।
২০২৪-২০২৫ অর্থবছরে সিলেটে মূসক খাতে রাজস্ব আদায় হয়েছিল ১ হাজার ৩৬২ কোটি টাকা। এর তুলনায় সদ্য সমাপ্ত অর্থবছরে রাজস্ব আদায় বেড়ে ১ হাজার ৫৭০ কোটি টাকায় পৌঁছেছে।
সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার খন্দকার নাজমুল হক বলেন, ‘সরকার, ব্যবসায়ী সমাজ এবং করদাতাদের সম্মিলিত সহযোগিতায় আগামী দিনেও রাজস্ব আদায়ের এই ধারা অব্যাহত থাকবে।