টাঙ্গাইলের মির্জাপুরে মধ্যরাতে আগুন লেগে ৮টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার তরফপুর ইউনিয়নের পাথরঘাটা বাজারে এ ঘটনা ঘটে।
আগুনে আরিফ স্টোর, খান ফার্মেসি, সায়েম মটরস, তিন ভাই স্টোর, গফুর গার্মেন্টস, তাইবুর গার্মেন্টস, সালাম গার্মেন্টস ও শিপনের জুতার দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পাথরঘাটা বাজারে একটি দোকানে আগুন দেখে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান তারা। একপর্যায়ে আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, আগুনের খবরে আমাদের একটি ইউনিট প্রথমে কাজ শুরু করে। পরে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে আরো দুটি ইউনিট যুক্ত করা হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সমন্বিত চেষ্টায় রাত ২টা ১৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ৮টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ৮টি দোকানে আনুমানিক প্রায় ২৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম।