ময়মনসিংহের নান্দাইলে প্রেমের সম্পর্ক গড়ে এক গার্মেন্টস কর্মীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১৪।

আজ বৃহস্পতিবার দুপুর ১টায় ময়মনসিংহ নগরীর বাইপাস র‍্যাব-১৪-এর কার্যালয়ে এক ব্রিফিংয়ে অধিনায়ক নয়মুল হাসান জানান, এ ঘটনায় ভিকটিমের বাবা গত ২২ জুলাই নান্দাইল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় র‍্যাব ছায়াতদন্ত চালিয়ে পৃথক অভিযানে কুমিল্লা সদর এবং নারায়নগ‌ঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

আসামিরা হলেন- মো: শাকিল মিয়া (২৩), মো: মমিন উদ্দিন (২৩) এবং জাহাঙ্গীর আলম (২৪)। তারা সবাই নান্দাইল উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

জানা গেছে, গত ১৮ জুলাই রাতে প্রেমের সম্পর্কের সূত্র ধরে স্থানীয় ম‍্যাজিক সোয়েটারের এই নারী কর্মীকে রেস্টুরেন্টে খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে যায় প্রেমিক মো: মামুন মিয়া (২৫)। এরপর ভিকটিমকে স্থানীয় উন্দাইল কলাবাগান এলাকায় নিয়ে তিন বন্ধুসহ গণধর্ষণ করে।

র‍্যাব কর্মকর্তা নয়মুল হাসান আরো বলেন, এ ঘটনার মূলহোতা প্রেমিক মামুন মিয়া এখনো পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের অভিযান চলমান আছে।

এ সময় র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো: সামসুজ্জামান, র‍্যাব কর্মকর্তা মো: নাজমুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।