রাজধানীর খিলগাঁও ও মুগদা থানা এলাকায় পৃথক ঘটনায় চার কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার সকালে তাদেরকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, আজ সকাল ১০টার দিকে খিলগাঁও থানা এলাকায় ধর্ষণের শিকার ১৫ বছর বয়সী এক কিশোরীকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসেন খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস মাহমুদ।

এছাড়াও মুগদা থানা এলাকায় ধর্ষণের শিকার তিন কিশোরীকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসেন মুগদা থানার তিন এসআই।

তারা হলেন- তৌহিদুল ইসলাম (১৫ বছর বয়সী কিশোরী, সকাল ১১টা), মোহাম্মদ শাফায়েত (১৩ বছর বয়সী কিশোরী, সকাল ১১:৩০) এবং মো: আল আমিন (১২ বছর বয়সী শিশু, দুপুর ১২টা)।

ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ভর্তি হওয়া চার কিশোরীকেই ২১২ নম্বর গাইনি ওয়ার্ডে ভর্তি করেন।

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) শাফায়েত বলেন, রাজধানীসহ সারা দেশে নারী নির্যাতনের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। তবে এসব ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারও করা হচ্ছে।