টানা ভারী বর্ষণে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর-কুমারীদহ সংযোগ সড়কের একটি অংশ ধসে পড়েছে। এতে দুই গ্রামের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৯ জুলাই) গভীর রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে উপজেলার হাউলি ইউনিয়নের জয়রামপুর কাঠালতলা মসজিদের পেছনের সড়কের নিচের মাটি সরে যায়। পরে প্রায় ১৫ ফুটজুড়ে সড়কের একটি অংশ ধসে পড়ে। সড়ক ধসের কারণে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে কৃষিপণ্য পরিবহন, স্থানীয় ব্যবসা-বাণিজ্য এবং সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলে ব্যাপক ভোগান্তি সৃষ্টি হয়েছে। বর্তমানে এলাকাবাসীকে বিকল্প ও দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে।

কুমারীদহ গ্রামের বাসিন্দা মো: মসলেম বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখেন রাস্তার বড় একটি অংশ ভেঙে গেছে। ফলে এখন অনেক দূর ঘুরে চলাচল করতে হচ্ছে, এতে সময় ও খরচ—দুটিই বেড়ে গেছে।

স্থানীয় এক ব্যবসায়ী বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করেন। রাস্তা ধসে পড়ায় ব্যবসায়ও নেতিবাচক প্রভাব পড়েছে। দ্রুত সংস্কার না হলে দুর্ভোগ আরো বাড়বে।

একই এলাকার বাসিন্দা মো: মিলন বলেন, জয়রামপুর ও কুমারীদহ গ্রামের মানুষের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, প্রতি বর্ষা মৌসুমেই সড়কটির বিভিন্ন স্থানে ভাঙনের ঝুকি দেখা দিলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ভবিষ্যতে একই ধরনের পরিস্থিতি এড়াতে দ্রুত সংস্কারের পাশাপাশি টেকসই অবকাঠামো নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

হাউলি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দীন সড়ক ধসের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শনের উদ্যোগ নেয়া হয়েছে। সংশ্লিষ্ট দফতরের সাথে যোগাযোগ করে দ্রুত সংস্কারের ব্যবস্থা নেয়া হবে, যাতে মানুষের চলাচল স্বাভাবিক করা যায়।