মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারের চাপায় রফিকুল ইসলাম নামে এক পথচারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ মে) রাত সাড়ে ৯টার দিকে কেওটখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রফিকুল ইসলাম কুড়িগ্রামের ভূইমারী উপজেলার বাসিন্দা এবং ঢাকায় বসবাস করতেন বলে জানা গেছে।
জানা গেছে, দুর্ঘটনার পর প্রাইভেটকারটি পালানোর চেষ্টা করলে একটি অ্যাম্বুলেন্স গতিরোধ করে। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং প্রাইভেটকারটি জব্দ করে। ঘাতক প্রাইভেটকারচালককে আটক করা হয়েছে।
হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, রফিকুলের লাশ থানায় রাখা হয়েছে। স্বজনরা লাশ নিতে থানায় এসেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।