পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য কোরবানির আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাকৃবি শাখা। ঈদের দিন কোরবানির গোশত দিয়ে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মধ্যাহ্নভোজের আয়োজন করা হবে।
বৃহস্পতিবার (৫ জুন) রাত ৯টায় বাকৃবি শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদের সময় অনেক শিক্ষার্থী চাকরির প্রস্তুতি কিংবা বিভিন্ন ব্যস্ততার কারণে নিজ বাড়িতে ফিরতে পারেন না। অনেকটা একাকীত্বর মধ্যে ঈদের দিনটি অতিবাহিত করতে হয় তাদের। আমাদের এই আয়োজনের মাধ্যমে ঈদের দিন ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীদের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার সুযোগ সৃষ্টি হবে।
তিনি বলেন, এই উদ্যোগ অন্তত কিছুটা হলেও পরিবারের অভাব লাঘব করবে এবং ক্যাম্পাসে ঈদের আনন্দকে আরো অর্থবহ করে তুলবে।
তিনি আরো বলেন, ত্যাগ ও সম্প্রতির বার্তা নিয়ে পবিত্র ঈদুল আযহা আমাদের দোরগোড়ায়। প্রতি বছরের ন্যায় এবারো আমরা ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে কোরবানির উদ্যোগ গ্রহণ করেছি, যা দিয়ে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের নিয়ে মধ্যাহ্নভোজ করা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অনেক কর্মচারী, নিরাপত্তারক্ষী, নৈশপ্রহরী ও আশপাশের দরিদ্র মানুষের মানুষের মাঝে বরাবরের মতোই কেররবানির গোশত বিতরণ করা হবে।
ফখরুল ইসলাম আরো বলেন, ইসলামী ছাত্রশিবির সব সময় শিক্ষার্থীবান্ধব ও মানবিক কাজে অংশগ্রহণ করে। পবিত্র রমজান মাসে হলভিত্তিক ও গণইফতারে ১৩ হাজার শিক্ষার্থীকে ইফতার করানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ও ভর্তি কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করেছে। এভাবেই জনবান্ধন কাজের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের পাশে থাকতে চাই, তাদের ভালোবাসা অর্জন করতে চাই।