পাথর উত্তোলনের দাবিতে সিলেটের জাফলংয়ে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভে জড়িত থাকায় এক যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১৫ জুন) যুবদলের কেন্দ্রীয় কমিটির সহদফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত যুবদল নেতা জাহিদ খান সিলেটের গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে সিলেটের গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খানকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায় দল নেবে না। যুবদলের সবপর্যায়ের নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৪ জুন) সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পরিদর্শনে আসেন দুই উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ফাওজুল কবির খান। পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে পরিবেশবান্ধব পর্যটন বিকাশের জন্য সিলেটের আর কোনো পাথর কোয়ারি খুলে দেবে না সরকার, এমনকি লিজও দেয়া হবে না বলে জানান তারা। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় পাথরশ্রমিক, পাথর উত্তোলনে সম্পৃক্ত বিভিন্ন সংগঠনের নেতারাসহ স্থানীয় জনতা মিলে উপদেষ্টাদের গাড়ি আটকে বিক্ষোভ করেন।

এ সময় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় পুলিশ ও বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উপদেষ্টারা চলে যান। এ বিক্ষোভের নেতৃত্ব দেন গোয়াইনঘাট যুবদল নেতা জাহিদ খান।