নারায়ণগঞ্জ শহরের হোসিয়ারি পণ্যের পাইকারি সবচেয়ে বড় মার্কেট হাকিম প্লাজায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।

আজ বুধবার সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল ৮টার দিকে হাকিম প্লাজার তৃতীয় তলায় আগুন লাগে। একপর্যায়ে পুরো ফ্লোরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় চতুর্থ তলায়ও বেশ কয়েকটি দোকান পুড়ে যায়। খবর পেয়ে সাথে সাথেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মার্কেটের বেশ কয়েকজন দোকান মালিক ও কর্মচারী জানান, মার্কেটের তৃতীয় তলার একটি দেকানের গোডাউনে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। তারা ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে এবং ডাম্পিংয়ের কাজ চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না।