ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসে দুঘটনায় পড়া আলুভর্তি ট্রাক উদ্বার করতে গিয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গোড়াই হাইওয়ে থানার ওসিসহ ছয়জন আহত হয়েছেন।

শুক্রবার (১৫ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইলিয়াস আলী (৪২) রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গুলজার মিয়ার ছেলে। আহতরা হলেন গোড়াই হাইওয়ে থানার ওসি মাসুদ খান, সার্জেন্ট খাইরুল ইসলাম, পুলিশ সদস্য রাশেদুল ও হারুন, আলু ব্যবসায়ী আল আমিন ও তুষার।

পুলিশ ও স্থানীয়রা জানান, রংপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আলুভর্তি একটি ট্রাক মির্জাপুর বাইপাস এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। ট্রাকে থাকা আলুর বস্তা মহাসড়কে পড়ে গিয়ে যানচলাচল বন্ধ হয়ে যায়। যানজটের খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানার ওসি মাসুদ খান পুলিশ নিয়ে ঘটনাস্থলে আসেন। যানচলাচল স্বাভাবিক করতে অপর একটি ট্রাকে আলুর বস্তাগুলো সরিয়ে নেয়া হচ্ছিল। এ সময় দাঁড়িয়ে থাকা চট্টগ্রামগামী আলুর ট্রাকের পেছনে অপর একটি ট্রাক এসে ধাক্কা দেয়। এতে আলু ব্যবসায়ী, শ্রমিক ও হাইওয়ে থানার ওসিসহ ছয়জন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শ্রমিক ইলিয়াস আলীকে মৃত ঘোষণা করেন।

গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, দুটি ট্রাক থানা হেফাজতে রাখা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।