ময়মনসিংহের ভালুকায় দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কায় রইজান খাতুন (৫০) নামের এক নারী নিহত হয়েছেন।

বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রাংচাপড়া এলাকায় ভালুকা-গফরগাঁও সড়কে এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত রইজান খাতুন ভালুকা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড পূর্বভালুকার মরহুম মনু বেপারীর মেয়ে। তিনি পৌর এলাকায় গৃহকর্মীর কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় রাস্তা পারাপারের সময় দ্রুত গতির একটি মোটরসাইকেল সজোরে রইজান খাতুনকে ধাক্কা দেয়, এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সামছুল হুদা খান জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। মোটরসাইকেলটি জব্দ রয়েছে এবং চালক রাফছানও আহত হয়েছেন।

এ ঘটনায় এখনো মামলা দায়ের করা হয়নি বলেও জানান ওসি।