টাঙ্গাইলের মির্জাপুরে টানা ৪০ দিন মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে সাইকেল পুরস্কার পেল চার কিশোর।

শুক্রবার (১১ এপ্রিল) বাদ জুমা গোড়াইল বায়তুল ফালাহ মসজিদে এ পুরস্কার দেয়া হয়।

পুরস্কার পাওয়া চার কিশোর হলো গোড়াইল গ্রামের জলিলের ছেলে বিধান হোসেন (১৩), একই গ্রামের মান্নানের ছেলে সামি (১২), স্বপন সিদ্দিকীর ছেলে রবিউল সিদ্দিকী (১২) ও মিজান সিদ্দিকীর ছেলে রিয়াদ সিদ্দিকী (১১)।

এ সময় মসজিদে ইমাম মাওলানা আব্দুল আজিজের পরিচালনায় পুরস্কার তুলে দেন মসজিদ কমিটির সভাপতি আব্দুল মোবিন সিদ্দিকী, সাধারণ সম্পাদক রবিউল হাসান সিদ্দিকী, আব্দুল আলীম সিদ্দিকী, মফিজুর রহমান সিদ্দিকী শহিদ সিদ্দিকী প্রমুখ।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে ইতালি প্রবাসী আফজাল মুসাদ্দিক সিদ্দিকী মুসা ঘোষণা করেন ১০ বছর থেকে ১৮ বছর বয়সী যে সকল মুসল্লি টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করবে তাদের প্রতিজনকে একটি করে সাইকেল উপহার দেয়া হবে। মসজিদের ইমাম আব্দুল আজিজ তাদের নামাজ আদায়ের বিষয়টি নিশ্চিত করেন।

মসজিদের মুসল্লি মফিজুর রহমান সিদ্দিকী বলেন, এই ধরনের উদ্যোগ মসজিদে কিশোর ও যুবকদের নামাজে আগ্রহ বাড়াবে বলে মনে করেন।