বিয়ের ছয় দিন পর নাহিদা সুলতানা রূপা (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় ময়মনসিংহের ভালুকা পৌরসভার মেজরভিটা এলাকায় এ ঘটনা ঘটে।
সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের খাটিংগা দক্ষিণ পাড়ার মো: রুসমত আলীর ছেলে শাহ আলম গত ১৭ জুলাই একই উপজেলার বিজয়নগরের এক্তারপুর গ্রামের রওশন আলী ভূইয়ার মেয়ে রুপাকে বিয়ে করেন। বিয়ের পর ভালুকা পৌরসভার মেজর ভিটার কাইয়া মসজিদ এলাকার রফিকুল ইসলামের বাসায় স্ত্রীকে নিয়ে ভাড়ায় বসবাস করে শাহ আলম ভালুকা বাসস্ট্যান্ডস্থ সারাবেলা নামক হোটেলের কর্মচারী হিসেবে কাজ করেন। ঘটনার দিন বিকেলে শাহ আলম বাসা থেকে বের হয়ে যান। ওই দিন সন্ধ্যার পর তিনি স্ত্রীর মোবাইলে বারবার কল দিলেও কোনো সাড়া পাননি। পরে, রাত ৮টার দিকে বাসায় গিয়ে বাসার দরজা-জানালা বন্ধ থাকতে দেখেন। ওই সময় ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া মেলেনি। একপর্যায়ে তিনি বাসার পাশের কক্ষের ভেনটিলেটরের ফাঁক দিয়ে ঘরে স্ত্রীর লাশ ঝুলতে দেখেন। পরে খবর পেয়ে থানা পুলিশ রাতেই ওই লাশ উদ্ধার করে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হুমায়ুন কবির জানান, ওই গৃহবধুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ জানা যায়নি। ওই ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।