চট্টগ্রামের ফটিকছড়িতে পৃথক দুটি ঘটনায় এক বৃদ্ধ নিহত এবং এক কৃষি শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে হত্যার অভিযোগে তার বোনকে গ্রেফতার করেছে পুলিশ।
অন্যদিকে ধানের চারা রোপণের সময় বিদ্যুতের ছেঁড়া তারে স্পৃষ্ট হয়ে প্রাণ হারান এক কৃষি শ্রমিক।
শুক্রবার উপজেলার নারায়ণহাট ও লেলাং ইউনিয়নে পৃথক এ দুটি ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইদিলপুর এলাকার মিয়াজী বাড়ির মরহুম আলী হোসেনের ছেলে মো: রফিক (৬৫) ও তার বোন রাজু বেগম একই ঘরে বসবাস করতেন। দীর্ঘদিন ধরে ভিটেমাটি ও জায়গা-জমি বণ্টন নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে ভাই-বোনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। চিৎকার শুনে পাশের ঘরের ভাড়াটিয়ারা এগিয়ে এসে দরজার পাশে রফিককে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে শুক্রবার সকাল ৬টার দিকে ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত বোন রাজু বেগমকে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।
অন্যদিকে, শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাহনগর গ্রামে জমিতে ধানের চারা রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়।
মুস্তাকিম নেত্রকোনার বাসিন্দা রিয়াজ উদ্দিনের ছেলে এবং জীবিকার তাগিদে ফটিকছড়িতে কৃষি শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয়রা জানান, মুস্তাকিমসহ তিন শ্রমিক একটি কৃষি জমিতে কাজ করতে নামেন। জমিতে আগে থেকেই একটি ছেঁড়া বিদ্যুতের তার পড়ে থাকলেও তা কারো নজরে আসেনি। কাজ করার সময় বিদ্যুৎবাহী পানির সংস্পর্শে এলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে সাথে থাকা অন্য দুই শ্রমিক অল্পের জন্য রক্ষা পান।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মোহাম্মদ আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমিতে বিদ্যুতের ছেঁড়া তার পড়ে ছিল, যা না দেখে কাজ করতে নামায় এই দুর্ঘটনা ঘটে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।