বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল এলাকায় মাছের ঘের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে জিল্লুর রহমান নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ২টার দিকে সরল ইউনিয়নের পশ্চিম সরল বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহত জিল্লুর রহমান পশ্চিম সরল এলাকার আবদুল আলীমের ছেলে। সংঘর্ষে গুলিবিদ্ধ হওয়ার পর তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাছের ঘের দখল নিয়ে মনছুর গ্রুপ ও কবির গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর আগেও এ দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার গভীর রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে জিল্লুর রহমান গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়। সংঘর্ষে আরো অন্তত ২০ জন আহত হয়েছেন।

থানা সূত্রে জানা গেছে, ঘটনার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ সকাল থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শতাধিক পুলিশ সদস্যের অংশগ্রহণে ঘটনায় জড়িতদের গ্রেফতার এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, সরলের খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের সাড়াশি অভিযান চলছে। আইনশৃঙ্খলার বিঘ্নতা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা হবে।