নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের কাছে গ্রহণযোগ্য নতুন কমিশন গঠনের দাবিতে এবং ভারতে মুসলমান নিধনের প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম।

শুক্রবার (২৫ এপ্রিল) বাদ আসর শহরের বড় বাজার থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচ রাস্তার মোড়ে এক গণসমাবেশে মিলিত হয়।

সমাবেশে হেফাজতে ইসলাম কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মুফতি আব্দুল হামিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল খালেক, সিনিয়র সহ-সভাপতি মাওলানা শামসুল হক, মাওলানা আব্দুর রউফ, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল লতিফ খান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, নাস্তিক্যবাদ ও কথিত নারীবাদের প্রতিনিধিদের দিয়ে গঠিত এ কমিশনের সুপারিশ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাস ও অনুভূতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কমিশন যে প্রস্তাব তৈরি করেছে সেখানে অত্যন্ত আপত্তিকরভাবে ধর্মীয় বিধি-বিধান বিশেষ করে ইসলামি উত্তরাধিকার আইন ও ইসলামি পারিবারিক আইনকে নারীর প্রতি বৈষম্যের কারণ হিসেবে আখ্যা দেয়া হয়েছে।

তারা বলেন, এ ধরনের বিতর্কিত, ইসলামবিদ্বেষী, ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী, কোরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক, কটাক্ষপূর্ণ প্রস্তাব দেয়ার কারণে এ কমিশন বাতিলের দাবি করছি। এছাড়া সমাবেশে ভারতের রাষ্ট্রীয় মদদে মুসলিম নিধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।