ফুটবল খেলাতে গিয়ে কুমিল্লার গোমতী নদীর চরের খাদে পড়ে জিসান নামে ১৩ বছর বয়সী কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমতলি এলাকায় গোমতী নদীর বেড়িবাঁধের ভেতরে এ ঘটনা ঘটে।

জিসান কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মো: সুমন মিয়ার ছেলে, বাবার চাকরির সূত্রে তারা ঢাকায় থাকেন। আমতলীতে তার মামা মাসুম মিয়াদের বাড়িতে বেড়াতে আসেন।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল আনুমানিক ৪টার দিকে আমতলী এলাকার গোমতী নদীর বেড়িবাঁধে বন্ধুদের সাথে ফুটবল খেলতে যায় জিসান। এ সময় মাটি ব্যবসায়ীদের কেটে নেয়া জমির খাদে ফুটবলটি পড়ে যায়। জিসান ফুটবলটি আনতে ওই খাদে ঝাঁপ দেয়। গভীরতার টের না পাওয়ায় খাদে পড়ে জিসান তলিয়ে যেতে থাকলে তার সঙ্গীরা তাকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। স্থানীয় লোকজন টানা দু’ঘণ্টা ওই খাদটিতে খোঁজাখুঁজির পর সন্ধ্যায় প্রায় ৩০ ফুট গভীর থেকে জিসানকে উদ্ধার করা হয়।

পুলিশ ও স্বজনেরা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কুমিল্লার কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহিনুল ইসলাম জানান, জিসান নামে ওই কিশোরটি ফুটবল খুঁজতে গিয়ে খাদের পানিতে তলিয়ে যায়। উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জিসানের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।