ফরিদপুরের ভাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে তিন যুবকের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় এলোপাথাড়ি কোপে ইয়াসিন খালাসি (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (১০ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে থানমাত্তা গ্রামের খালের ব্রিজে ঘটনাটি ঘটেছে।
ইয়াসিন খালাসি ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের থানমাত্তা গ্রামের কৃষক জাহাঙ্গীর খালাসীর ছেলে।
জানা গেছে, শনিবার রাত সাড়ে ১১টার দিকে থানমাত্তা গ্রামের খালের ব্রিজের উপর বসে গল্প করছিলেন থানমাত্তা গ্রামের ইয়াসিন, একই গ্রামের রায়হান শেখ (২৪) ও মাদারীপুরের রাজৈর উপজেলার মাঝিকান্দা গ্রামের শাকিব মাতুব্বর (১৬)। এক পর্যায়ে তারা ব্রিজের পাশেই লতিফ শরীরের নির্মাণাধীন ভবনের পাশে এলে সাত থেকে আটজন কিশোরের একটি দল ধারালো অস্ত্র দিয়ে ওই তিনজনকে এলোপাথাড়ি কোপাতে থাকে। তাদের চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা নেয়ার পথে ইয়াসিনের মৃত্যু হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, শনিবার রাতে তিনজনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। এর মধ্যে ইয়াছিন খালাসি নামক একজন নিহত হয়েছেন। পূর্ব শত্রুতার জেরে এটি ঘটতে পারে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।