নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলায় ১৫০০টি বৃক্ষরোপণ করা হয়েছে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় জালকুড়ি বাসস্ট্যান্ড হতে দশ পাইপ সড়ক, জালকুড়ি ডিএনডি খাল সংলগ্ন রাস্তা ও ফকির রোডে এই বৃক্ষরোপণ কার্যক্রম চালানো হয়।
জেলা প্রশাসক জানান, ‘এই উদ্যোগের মাধ্যমে জেলার পরিবেশকে আরো সবুজ ও পরিষ্কার রাখার লক্ষ্যে কাজ করা হচ্ছে।’
তিনি জানান, ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির আওতায় এক লাখ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং শিগগিরই এই কার্যক্রম সম্পন্ন হবে। এছাড়াও বর্জ্য ব্যবস্থাপনা ও জেলার বড় খালগুলো পরিষ্কার করে জলাবদ্ধতা নিরসনের জন্যও কাজ চলছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) মো: আব্দুল ওয়ারেছ আনসারী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, থানা ও সার্কেলের পুলিশ কর্মকর্তা, ভূমি অধিগ্রহণ কর্মকর্তাসহ উপজেলার সকল কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের বাংলা সমাজকল্যাণ সংস্থা, ভূইঘর সোনালী সংসদ, পরিবর্তন সমাজকল্যাণ সংস্থা, মাদার ওয়েলফেয়ার ও প্রভারটি অ্যান্ড গ্রীণ মুভমেন্ট উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১০ জুলাই পর্যন্ত প্রতিদিন বৃক্ষরোপণ কার্যক্রম চলবে।