সুনামগঞ্জের তাহিরপুরে একটি বাল্কহেডের ধাক্কায় বৌলাই নদীর ওপর নির্মিত সেতুর একটি পিলার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় সেতুর নিচ দিয়ে চলাচলকারী সব ধরনের নৌযানকে সতর্কতার সাথে চলাচলের নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)।

মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় উপজেলা এলজিইডি কার্যালয় থেকে এ নির্দেশনা দেয়া হয়।

জানা গেছে, উপজেলা সদরের থানা-সংলগ্ন বৌলাই নদীর ওপর নির্মিত সেতুর ৩ নম্বর স্প্যানের একটি পিলারে মঙ্গলবার দুপুরে একটি মালবাহী বাল্কহেডের ধাক্কা লাগে। এতে পিলারের বেশকিছু অংশ ভেঙে যায় এবং এটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, পুনরায় এমন ঘটনা ঘটলে সেতুটি বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে।

এ কারণে ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে এ নদীপথে চলাচলকারী সব বাল্কহেড, হাউজবোট ও অন্যান্য নৌযানকে সেতুর নিচ দিয়ে অত্যন্ত সতর্কতার সাথে চলাচলের আহ্বান জানিয়েছে এলজিইডি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মালবোঝাই একটি বাল্কহেড সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় পিলারে সজোরে আঘাত করে। এতে সেতু কেঁপে ওঠে এবং বিকট শব্দের সৃষ্টি হয়। তাদের দাবি, প্রায়ই এ ধরনের ঘটনা ঘটছে।

উপজেলা এলজিইডির প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, ‘বৌলাই নদীপথে চলাচলকারী বাল্কহেড, হাউজবোটসহ সব ধরনের নৌযানকে সেতুর নিরাপত্তার স্বার্থে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে চলাচলের অনুরোধ জানানো হয়েছে।’

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মেহেদী হাসান মানিক বলেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি নৌযানগুলোকে অবশ্যই সতর্কতার সাথে চলাচল করতে হবে।