ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরো চারজন।
আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চমুরদির বাবলাতলায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা থানার ওসি মো: আশরাফ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় নিহতরা হলেন ভাঙ্গা উপজেলার চৌকিঘাটা গ্রামের লতিফ মাতব্বরের ছেলে মিজানুর মাতব্বর (৫০), তিনি ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের বাসিন্দা এবং ভাঙ্গা বাজারের ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।
এছাড়া শিবচর উপজেলার মাদবরচরের গ্রামের ইব্রাহিম সরদার, তার ছেলে মনির সরদার ও একই গ্রামের বাদশা শেখের ছেলে তারা মিয়া।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানসিভ জুবায়ের নাদিম পাঁচজনের নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘দুর্ঘটনার পর হাসপাতালে চারজনকে মৃত অবস্থায় আনা হয়। পরে আরো একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবউজ্জামান জানান, ‘মাহেন্দ্রর সাথে সংঘর্ষের পর যাত্রীবাহী বাসটির দ্রুততম সময়ে পালিয়ে যায়।’
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী মিজান পরিবহন ও টেকেরহাটগামী মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে মাহেন্দ্রে থাকা চার যাত্রী ঘটনাস্থলে নিহত হন। আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে হাসপাতালে নিলে আরো একজনের মৃত্যু হয়।