রংপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী, সন্তান ও ভাতিজিকে হারালেন লন্ড্রি দোকানি আশরাফুল ইসলাম। এ ঘটনায় আহত হলেন নিজেও।

মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে রংপুর কুড়িগ্রাম-আঞ্চলিক মহাসড়কের কাউনিয়ার মীরবাগের বেইলি সেতুর কাছেই কৃষি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, কাউনিয়া উপজেলার মাহেসা গ্রামের আশরাফুল ইসলাম তার ভাতিজি এসএসসি পরীক্ষার্থী আফসানা আক্তার স্নেহাকে (১৭) কাউনিয়ার হাইস্কুল কেন্দ্রে পৌঁছে দিতে মোটরসাইকেলে রওনা দেন।

এ সময় সাথে ছিলেন স্ত্রী রোবিনা বেগম (৩২) ও ছেলে রহমত আলী (২)। মহাসড়কের উঠে কিছুটা সামনে গেলেই পেছনে থাকা একটি দ্রুতগামী বাস মোটরবাইকটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ভাতিজি স্নেহা, স্ত্রী রোবিনা ও ছেলে রহমত আলী। এ ঘটনায় বাসটিকে আটকানো যায়নি বলে জানান ওসি।

সরেজমিনে দেখা গেছে, এ ঘটনায় আহত হয়েছেন সুতা ও লন্ড্রি দোকানি আশরাফুল ইসলাম। কিন্তু সব হারিয়ে দিশেহারা তিনি। ভাতিজিকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে ছেলেকে ডাক্তার দেখানোর কথা ছিল। কিন্তু চোখের পলকেই সব হারালেন আশরাফুল। স্নেহা আশরাফুল ইসলামের ভাই আনারুল ইসলামের মেয়ে।

কাউনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামসুল হক জানান, আমরা পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছি।

উল্লেখ্য, গত রোববার (১১ মে) রাতে একই জায়গায় বাসচাপায় দুই মোটরবাইক আরোহী এবং পীরগাছায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজন মারা যান।