কুমিল্লার তিতাসে নির্মাণাধীন বিল্ডিংয়ের ভেতর থেকে হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো অবস্থায় মো: মোস্তফা (৫০) নামে এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৯ জুন) উপজেলার জগতপুর ইউনিয়নের পূর্ব ভাটিপাড়া দ্বীন ইসলামের নির্মাণাধীন বাড়ির দোতলার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মোস্তফা রংপুর মাহিগঞ্জ উপজেলার ছোট কল্যাণী এলাকার মরহুম বাহারাম আলীর ছেলে।

পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়, মোস্তফা দুই বছর ধরে তিতাস থেকে কন্ট্রাক নিয়ে রাজমিস্ত্রির কাজ করতেন। সম্প্রতি তার সাথে নকশার কাজ করার জন্য ঈদুল আজহার পর চাঁপাইনবাবগঞ্জ থেকে দু’জন শ্রমিক আনেন। হত্যার পর ওই দুই শ্রমিককে আর পাওয়া যায়নি। এলাকাবাসী ধারণা করছেন, সাথে থাকা দুই শ্রমিক এ ঘটনার সাথে জড়িত থাকতে পারেন।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদ উল্ল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাত-পা, ও মাথা-মুখে স্কচটেপ পেঁচানো অবস্থায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’