জনগণকে আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘জনগণ যেন আইন নিজের হাতে তুলে না নেয়, সারাদেশে মানুষের নিরাপত্তায় পুলিশসহ নিরাপত্তা বাহিনী একসাথে কাজ করে যাচ্ছে।’

আজ বুধবার সকালে সাভার বাস স্ট্যান্ড এলাকায় হর্টিকালচার সেন্টারে কৃষকের শীতল ঘর কার্যক্রম ও বিএআরসির তৈরি করা খামারি মোবাইল অ্যাপের উদ্বোধন শেষে তিনি এ আহ্বান জানান।

এ সময় জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘সাধারণত ভোররাতে অপরাধমূলক কর্মকাণ্ড হয়ে থাকে। শিল্পাঞ্চল আশুলিয়ায় অনেক শ্রমিক অসন্তোষ ছিল। এখন আর সেই অসন্তোষ নেই। এটা কাটিয়ে ওঠা হয়েছে।’

আশুলিয়া, সাভার ও ধামরাইয়ে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও দায়িত্ব পালন করছে বলেও জানান তিনি।

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, কৃষি জমি রক্ষায়ও নানা পদক্ষেপ নিয়েছে সরকার।

এসময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ডা. মো: এমদাদ উল্লাহ মিয়াসহ পুলিশ ও বিভিন্ন দফতরের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।