টাঙ্গাইলের মির্জাপুরে তরফপুর ও লতিফপুর ইউনিয়ন রক্ষা বেড়িবাঁধ ধসের কারণে উপজেলা সদরের দিকে এই দুই এলাকার যান চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার লতিফপুর ইউনিয়নের বড়দাম বান্দর মারা ও সলিমনগর এলাকায় এই ধসের ঘটনা ঘটে।
বুধবার (৯ জুলাই) বেড়িবাঁধ ধসের এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম আরিফুল ইসলাম। এ সময় লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন রনি ও উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন উপস্থিত ছিলেন।
লতিফপুর ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন রনি জানান, বেড়িবাঁধটি আমার ইউনিয়নের মধ্যে থাকলেও তা রক্ষণাবেক্ষণের জন্য ইউনিয়ন পরিষদে আলাদা কোনো বরাদ্ধ নেই। পানি উন্নয়ন বোর্ড বাঁধটি ঠিকমতো রক্ষণাবেক্ষণ করছে না।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.বি.এম আরিফুল ইসলাম জানান, আমি সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মারফত বেড়িবাঁধে ধসের বিষয়ে জেনেছি এবং পরিদর্শন করে মেরামত করার জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেয়া হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের টাঙ্গাইলে উপ-বিভাগীয় প্রকৌশলী প্রান্ত পন্ডিত জানান, বিষয়টি তিনি অবগত নন, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।