ঢাকার কেরানীগঞ্জে বিপ্লব গাজী (৩৫) নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৬টায় বিপ্লবের ভাড়া বাসার দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে পুলিশ।

বিপ্লব রাজশাহীর দুর্গাপুর উপজেলার আলীপুর গ্রামের মৃত দেলোয়ার গাজীর ছেলে।

জানা যায়, ঢাকায় বেক্সিমকো ফার্মায় মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ পদে চাকরি করতেন বিপ্লব। ঢাকার কেরানীগঞ্জ এলাকায় ভাড়া বাসায় বিপ্লব একাই থাকতেন। রোববার থেকে বিপ্লব নিখোঁজ ছিলেন। তার নিখোঁজের পর বেক্সিমকো ফার্মার কর্মকর্তারা বিপ্লবের খোঁজে গ্রামের বাড়ি ফোন দেন। তাতেও খোঁজ না মেলায় সোমবার সন্ধ্যায় বিপ্লবের ভাড়া বাসায় গিয়ে বাসার মালিকের কাছে বিপ্লবের খোঁজ জানতে চান। পরে বাসার মালিকসহ বিপ্লবের ফ্ল্যাটে গিয়ে বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান। এতে তাদের সন্দেহ হলে স্থানীয় থানা পুলিশকে খবর দেন তারা। পরে পুলিশের উপস্থিতিতে ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে গিয়ে তারা দেখেন বিপ্লবের নিথর দেহ।

নিহত বিপ্লব গাজীর মামাতো ভাই হাসান গাজী জানান, ৪-৫ বছর ধরে বেক্সিমকো ফার্মায় চাকরির সুবাদে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় থাকতেন বিপ্লব। অবিবাহিত বিপ্লব একাই ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন।

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাব আল হাসান মোবাইল ফোনে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিপ্লব নামের ওই যুবককে ছুরিকাঘাত ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাকে হত্যা করার পর কম্বল দিয়ে তার শরীর ঢাকা ছিল। লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

ওসি আরো বলেন, ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। নিহত বিপ্লবের স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা এসে পৌঁছালে আইনি প্রক্রিয়া শেষ করে লাশ স্বজনদের বুঝিয়ে দেয়া হবে।