সিলেটে কোয়ারি খুলে দেয়ার দাবিতে পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা লোড-আনলোড শ্রমিক কর্মবিরতির কর্মসূচি, গণঅনশন ও অবস্থান কর্মসূচি চলছে। আন্দোলনরত শ্রমিকদের কর্মসূচি চলাকালে কোম্পানীগঞ্জে পাঁচটি যাত্রীবাহী গাড়ি ভাঙচুরের খবর পাওয়া গেছে।

আজ মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৩টার দিকে সিলেটের সিলেট-ভোলাগঞ্জ সড়কের টুকেরবাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, সিলেট জেলা পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা কর্মবিরতির কর্মসূচি, গণঅনশন ও অবস্থান কর্মসূচি আজ দ্বিতীয় দিনের মতো সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সকল বালু-পাথর শ্রমিকদের নিয়ে সকাল ১০টা থেকে উপজেলা পরিষদের সামনে অনশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। দীর্ঘ পাঁচ ঘণ্টার কর্মসূচি শেষে আন্দোলনকারীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে সিলেট-কোম্পানীগঞ্জ-টুকেরবাজার সড়কে এসে লাটি-সোটা, বাঁশ, বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেন এবং নানা স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে সড়ক দিয়ে চলাচলকারী একটি বাস, দু’টি প্রাইভেটকার, দু’টি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেন। এসময় আন্দোলনকারীরা সিলেট-কোম্পানীগঞ্জ-টুকেরবাজার সড়কে দীর্ঘ দেড় ঘণ্টা অবস্থান নেন।

পরবর্তীতে কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে হামলাকারী দু’জনকে আটক করে নিয়ে যায়। সেনাবাহিনীর দু’টি প্লাটুন ও কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, দুপুর সোয়া ২টার দিকে একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। তারা তাৎক্ষনিক দু’জনকে আটক করেছেন। কোনো মামলা হয়নি। কেউ অভিযোগ দিলে তারা আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।