সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত বাসে দিন-দুপুরে যাত্রীদের সর্বস্ব লুটের ঘটনা আবারো ঘটেছে।
শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ইতিহাস পরিবহনের একটি বাসে এই ঘটনা ঘটে। ডাকাতরা অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে তাদের নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে। পরে রাজফুলবাড়িয়া এলাকায় এসে ডাকাতদল বাস থেকে নেমে পালিয়ে যায়।
এ ঘটনায় বাসের চালক রজব আলী (৩০) ও সহকারী এমদাদুল হক (৪০)-কে আটক করেছে পুলিশ। একজন নারী যাত্রীর অভিযোগের ভিত্তিতে বাসটিকেও জব্দ করা হয়েছে।
যাত্রী সুমন সরকার জানান, ডাকাতরা তার ৩৫ হাজার টাকাসহ অন্যান্য যাত্রীদের মূল্যবান জিনিসপত্র লুট করেছে।
আরেক নারী যাত্রী জানান, তিনজন ডাকাত আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকা থেকে বাসে উঠেছিল।
যাত্রীদের অভিযোগ, বাসের কর্মীরা ডাকাতদের সহযোগিতা করেছে। তারা ডাকাতদের কাছ থেকে কোনো ভাড়া নেয়নি এবং তাদের পালিয়ে যেতে সাহায্য করেছে।
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং অপরাধীদের শিগগিরই আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, গত নভেম্বর থেকে শুরু করে এ পর্যন্ত সাভারের বিভিন্ন স্থানে চলন্ত বাসে ডাকাতি ও ছিনতাইয়ের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।