নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইপিজেডের ভেতরে দু'টি পোশাককারখানায় ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৪৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী।

শনিবার (১২ এপ্রিল) বিকেল ৫টার দিকে নারায়ণগঞ্জের শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা এ তথ্য জানান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কয়েক শ’ লোক সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের সামনে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে মিছিল করছিলেন। মিছিলটি একপর্যায়ে ইপিজেডের ভেতরে ঢুকে পোশাক শ্রমিকদের মিছিলে যোগ দেয়ার অনুরোধ জানান। এ সময় তারা মিছিলে যোগ না দেয়ায় ভাঙচুর শুরু করে মিছিলের লোকজন।

পুলিশ পরিদর্শক সেলিম বাদশা বলেন, ইপিজেডের ভেতরে ইউনেস্কো বিডি লিমিটেড ও অনন্ত হুয়াশিং লিমিটেড নামে দু’টি রফতানিমুখী পোশাক কারখানায় তারা ভাঙচুর করেন। এ সময় আশপাশের কয়েকটি গাড়িও ভাঙচুর করেন। খবর পেয়ে শিল্প পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে ভাঙচুরে জড়িত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, ‘জেলা পুলিশ ঘটনাটি পরে জেনেছে। ইপিজেডে কুইক রেসপন্স করেছে র‌্যাব ও সেনাবাহিনী। সেনাবাহিনী ৪৫ জনকে আটক করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।’

এই ঘটনার পেছনে ‘অন্য কোনো ষড়যন্ত্র’ কাজ করতে পারে মনে করেন ওই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, ‘ফিলিস্তিন ইস্যু তো নিরপেক্ষ ইস্যু। এই মিছিলে তো সব দলের লোকজন থাকেন। কেউ অন্য কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে এটি করেছেন কিনা পুলিশ সেটি তদন্ত করবে। এ ঘটনায় দ্রুততম সময়ে আইনিব্যবস্থা নেয়া হবে।’