নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তা কর্মী আলী হোসেনকে হত্যার ঘটনায় আব্দুল মতিন (৫৫) নামে এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ মো: আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আব্দুল মতিন নোয়াখালীর বেগমগঞ্জ এলাকার মরহুম হাসমত উল্লাহর ছেলে। তিনি ফতুল্লার ভূঁইগড়ের আনোয়ার বেগমের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

এছাড়া নিহত আলী হোসেন মানিকগঞ্জের হরিরামপুর এলাকার মরহুম ওয়াহেদ আলীর ছেলে। তিনি ফতুল্লার ভূঁইগড় বাজারে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, ‘২০২১ সালের ৬ সেপ্টেম্বর বুথে ডিউটিরত থাকা অবস্থায় আলী হোসেনকে মাথায় কোপ দিয়ে গুরুতর জখম করেন আব্দুল মতিন। পরে চিকিৎসাধীন অবস্থায় আলী হোসেন মারা যান। এ ঘটনায় তার স্ত্রী মনোয়ারা বেগম ফতুল্লা থানায় মামলা করেন। মামলার বিচার কার্যক্রম শেষে আদালত এ রায় ঘোষণা করেন।’

কোর্ট পুলিশ পরিদর্শক মো: কাইউম খান বলেন, ‘১১ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেন।’