নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগে মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম ও জেলা তরুণ দলের সভাপতি টি এইচ তোফাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার রাতে সিদ্ধিরগঞ্জে এসও রোডের নিজ বাসা থেকে আসলাম ও আজিবপুর বাসা থেকে তোফাকে আটক করা হয়।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

তিনি জানান, চাঁদাবাজির অভিযোগে তাদেরকে বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারায় ডিটেনশনের জন্য বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করা হয়েছে। টি এইচ তোফার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ ধারা তৎসহ পেনাল কোডের ৪৩৫ ধারায় মামলা রয়েছে। ডিটেনশনের আদেশ পাওয়া সাপেক্ষে তাদেরকে জেল কারাগারে প্রেরণ করা হবে।

এস এম আসলাম নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়কের পাশাপাশি থানা বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। অন্যদিকে টি এইচ তোফা জেলা তরুণ দলের সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুল আলম বলেন, বিএনপি নেতা তোফা ও আসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।