রাজশাহীর দুর্গাপুরে গাম্য সালিসি বৈঠকে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে হাসিবুর রহমান (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছে অন্তত ১১ জন।
বুধবার (১৪ মে) সকালে উপজেলার মাড়িয়া ইউনিয়নের হোজা অনন্তকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
হাসিবুর উপজেলার হোজা অনন্তকান্দি গ্রামের কাসেম আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জমির মালিকানাকে কেন্দ্র করে স্থানীয় রহেদসহ পাঁচ ভাইয়ের মধ্যে মধ্যে বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধ নিরসনে গেল বুধবার সকালে উপজেলার মাড়িয়া ইউনিয়নের হোজা অনন্তকান্দি গ্রামে রহেদসহ পাঁচ ভাইকে নিয়ে গাম্য সালিশ বসেন স্থানীয়রাসহ গন্যমান্য ব্যক্তিরা। উক্ত সালিসি বৈঠকে জমি-জমা সংক্রান্ত ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে দু’টি গ্রুপে বিভক্ত হয়। পরে সালিশ চালাকালীন সময় উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে রহেদ গ্রুপ ও শাহাজাহান গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে অন্তত ১১ জন আহত হয়। আহতদের মধ্যে শাহাজাহানের পক্ষের গুরুতর আহত অবস্থায় হাসিবুরকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়। পরে সেখানে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আহতদের মধ্যে রহিম, ফারুক, নাজমুল, ওয়াজেদ, সোনু, শহিদুল, আব্দুস সালাম, নাজিরা, ইউনুস আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।