পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ধানখালী ইউনিয়নের প্যাদার হাটে ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে জাহাঙ্গীর হাওলাদার (৪৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে প্যাদার হাট সড়কে ঘটনাটি ঘটে।
নিহত জাহাঙ্গীর হাওলাদার কলাপাড়ার লোন্দা গ্রামের বাসিন্দা খালেক হাওলাদারের ছেলে।
স্বজনরা জানান, বুধবার সকালে জাহাঙ্গীর হাওলাদার নিজ অটোরিকশায় প্যাদার হাট বাজার থেকে ফেয়ার প্রাইসের চাল কিনে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, খাদে পড়ার সময় চালক মাথায় আঘাত পেয়ে অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে কলাপাড়া থানায় নিয়ে যায় পুলিশ।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম এ বিষয়ে বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।’