প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচারের দাবিতে ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ভালুকা উপজেলা ছাত্রদল।

রোববার (২০ এপ্রিল) দুপুরে ভালুকা বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন দিক প্রদক্ষিণ শেষে মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করা হয়।

এ সময় প্রশাসনের পক্ষ থেকে সু-বিচারের আশ্বাস দিলে, আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতারের আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেয় ছাত্রদলের নেতাকর্মীরা।

বিক্ষোভকারী ছাত্রদল নেতারা বলেন, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে নিজ ক্যাম্পাসে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। ভালুকা ছাত্রদলের পক্ষ থেকে এই হত্যার সাথে জড়িতদেরকে দ্রুততম সময়ে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান।

এ সময় ভালুকা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আলী রাজ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, বিরুনিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম শরিফ, ছাত্রদল নেতা জন সরকার , রাজন, দোক্তার জামান সাব্বির প্রমুখ উপস্থিত ছিলেন।

ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম জানান, ‘ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক সেখানে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

নিহত জাহিদুল ইসলাম পারভেজ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের শিক্ষার্থী। পারভেজ ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কাইচান পাঠক বাড়ি গ্রামের প্রবাসী জসিম উদ্দিনের ছেলে।