কুমিল্লা ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে পশুর কাঁচা চামড়া ভারতে পাচার রোধে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৬ জুন) সকালে কুমিল্লা সদর উপজেলার সীমান্তে বিবিরবাজার বিজিবি ক্যাম্পে সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির এ ঘোষণা দেন।
এ সময় কুমিল্লা-১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের উদ্দেশে সেক্টর কমান্ডার রেজাউল কবির বলেন, এ বছর বিজিবি গরু চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সচেষ্ট ছিল। ঠিক একইভাবে চামড়া চোরাচালান প্রতিরোধেও বিজিবি সর্বোচ্চ সতর্ক থাকবে।
কোরবানির পর চামড়া চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত টহল বাহিনীর পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও বৃদ্ধি করা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খুব কাছাকাছি সীমান্ত হওয়ায় এই অঞ্চল দিয়ে কোরবানির পশুর চামড়া ভারতের পাচারের প্রবণতা থাকায় এবার আগে থেকেই সতর্কতা নেয়া হলো।
বিজিবি কুমিল্লা সেক্টরের অধীনে হবিগঞ্জ থেকে শুরু করে ফেনী জেলা পর্যন্ত মোট ৩২৭ কিলোমিটার সীমান্ত। কুমিল্লা সেক্টরের অধীনে ২৫-বিজিবি ব্যাটালিয়ন, ৬০-বিজিবি ব্যাটালিয়ন, ১০-বিজিবি ব্যাটালিয়ন এবং ৪-বিজিবি ব্যাটালিয়নকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা সেক্টর কমান্ডার।