নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, ‘বৈষম্যহীন, শোষণমুক্ত ও ন্যায়বিচারভিত্তিক একটি রাষ্ট্র গঠনের স্বপ্ন ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। সে স্বপ্নে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের ডাক দেন তিনি। তারপর নিজে নেতৃত্ব দিয়ে মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেন।’
শনিবার (৩১ মে) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন এলাকায় মিলাদ মাহফিল, আলোচনা সভা ও খাবার বিতরণের কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
মামুন মাহমুদ বলেন, ‘৭১ এর স্বাধীনতা অর্জন হলেও সেই সুফল মানুষের কাছে পৌঁছেনি। স্বাধীনতার পর পর যিনি ক্ষমতায় বসে ছিলেন তার সময়ে দেশে দুর্ভিক্ষ হয়েছে, গণতন্ত্র হত্যা হয়েছে, ভোট ডাকাতি হয়েছে। মানুষের অধিকারও প্রতিষ্ঠিত হয়নি।’
তিনি বলেন, ‘১৫ বছরে শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রাথমিক ফলাফল এসেছে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে। আমরা বিশ্বাস করি আগামী ডিসেম্বরের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করে দেশে সুশাসন প্রতিষ্ঠা করবে। এটাই হবে আমাদের জনগণের চূড়ান্ত বিজয়।’
সিদ্ধিরগঞ্জ ৪ নম্বর ওয়ার্ডের শিমরাইল, ওয়াপদা কলোনি ও আটি গ্রাম, ৬ নম্বর ওয়ার্ডের আদমজী নতুন বাজার, এসও রোড ও গোদনাইল পদ্মা ওয়েল ডিপো সংলগ্ন ট্যাঙ্কলরি টার্মিনাল এবং ৩ নম্বর ওয়ার্ডের নয়াআটি বটতলা এলাকায় এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম, অকিল উদ্দিন ভূঁইয়া, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব শ্যামল, আখতার হোসেন মৃধা, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর, মহানগর কৃষক দলের সভাপতি এনামুল হক স্বপন খন্দকার, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সালসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।