এক শরীরে দু’টি মাথা, তিনটি কান আর চারটি চোখ। এমন অদ্ভুত গঠন নিয়ে জন্ম নিয়েছে গাভীর বাছুর। যা দেখতে ভিড় করেছে উৎসুক জনতা।
রোববার (৪ মে) সকালে রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের নান্দিগ্রাম এলাকার জ্যোতিষী সন্ন্যাসীর গবাদি পশুর খামারে এ বাছুরটি জন্ম নেয়।
এমন খবর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বাছুরকে এক নজর দেখতে মালিকের বাড়িতে ভিড় করছেন উৎসুক জনতারা।
স্থানীয় এলাকাবাসী জানায়, বাছুরটির দুই মাথায় দু’টি মুখ রয়েছে। যার দুই দিক থেকেই সে খাবার খেতে পারে। তবে বাছুরটি জন্মানোর পর থেকে এখনো উঠে দাঁড়াতে পারেনি। এছাড়াও মায়ের দুধও একা একা পান করতে পারে না বাছুরটি।
এমন অবস্থায় গাভীর শাবকটিকে চিকিৎসাসহ প্রয়োজনীয় সহায়তার কথা জানিয়েছেন মালিক জ্যোতিষী সন্ন্যাসী।
দুর্গাপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জান্নাতুন ফেরদৌস বলেন, ‘টেরাটোজেনিক বা জীনগত ত্রুটির কারণে গাভীর এমন বাচ্চা জন্ম হয়। যদিও বাচ্চাটি জীবিত থাকা নিয়েও শঙ্কা রয়েছে। তবে বাচ্চাটি যাতে বাঁচানো যায় সেজন্য প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেয়া হয়েছে।’