ঢাকা-চট্টগ্রামের মহাসড়কে থ্রি হুইলার, সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটি চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে মিরসরাইয়ের সচেতন নাগরিক ব্যানারে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষজন।
রোববার (২৫ মে) সকালে উপজেলা সদরে পুরাতন পল্লী বিদ্যুৎ-সংলগ্ন মহাসড়কের সামনে থেকে মিছিল শুরু হয়ে ইউটার্ন হয়ে উপজেলা সড়কের সামনে শেষ হয়।
এ সময় তারা মহাসড়কের পাশে বিভিন্ন দাবি নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে।
সচেতন নাগরিকদের পক্ষে আব্দুল মান্নানের নেতৃত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন জয়নাল আবেদীন, সাইফুল ইসলাম লিমন, দিদারুল আলম, মোশারফ হোসেন, মো: ইউনুছ, আব্দুর রহিম শান্ত প্রমুখ।
মানববন্ধনে অংশ নেয়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ থ্রি হুইলার ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এতে মানুষের প্রাণহানীসহ অংঙ্গহানী হচ্ছে। সড়কে প্রতিদিন বাড়ছে লাশের মিছিল। মহাসড়কে এসব থ্রি হুইলার চলাচল বন্ধে হাইকোর্টে নির্দেশনা থাকলে প্রশাসনের গাফিলতির কারণে তা বাস্তবায়ন হচ্ছে না। প্রশাসনের নিরবতার কারণে বাড়ছে দুর্ঘটনা। সড়ক-মহাসড়ক থেকে সড়ক দুর্ঘটনা রোধ করতে হলে দ্রুত থ্রি হুইলার চলাচল বন্ধ করতে হবে।
তারা আরো বলেন, আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন না করলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। মহাসড়ক অবরোধ করতে বাধ্য হবো।
দ্রুত এসব অবৈধ থ্রি হুইলার বন্ধে আহ্বান জানান তারা।
মানববন্ধন শেষে তারা মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) মাহফুজা জেরিনের কার্যালয়ে গিয়ে বিষয়টি জনগুরুত্বপূর্ণ হিসেবে অবহিত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, মহাসড়কে তিন চাকার যান চলাচলে উচ্চ আদালত থেকে নিষেধাজ্ঞা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য জানাবো।
এছাড়া সাধারণ জনগণ যেন এসব যান এড়িয়ে চলে সে বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।