দীর্ঘ চার বছরের বেশি সময় পর মেয়র পদ ফিরে পেলেন কুষ্টিয়ার মিরপুর পৌরসভার মো: আরিফুর রহমান। নির্বাচনী ট্রাইব্যুনালে করা মামলায় আদালত তাকে মেয়র ঘোষণার পাশাপাশি আগামী ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন।

রোববার (৪ মে) বিকেলে কুষ্টিয়ার বিশেষ ট্রাইব্যুনাল (নম্বর-৪) -এর যুগ্ম দায়রা জজ মো: আলমগীর হোসাইন এ রায় ঘোষণা দেন।

রায়ে বলা হয়, স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা ২০১০-এর ৫৯ (খ) বিধি অনুযায়ী আরিফুর রহমানের পক্ষে রায় দেয়া হয়েছে। ২০২১ সালের ১৬ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ‘নৌকা’ প্রতীকের প্রার্থী মো: এনামুল হককে মেয়র নির্বাচিত ঘোষণা বাতিল করে ‘মোবাইল’ প্রতীকের প্রার্থী আরিফুর রহমানকেই যথাযথভাবে মেয়র নির্বাচিতের ঘোষণা করা হলো।

এছাড়া বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়কে আগামী ১০ দিনের মধ্যে আরিফুর রহমানকে মিরপুর পৌরসভার মেয়র হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।