পটুয়াখালীর কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় মারিয়া আক্তার নামে এক শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মারিয়া আক্তার উত্তর টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী এবং টিয়াখালী গ্রামের মো: মোজাম্মেল মৃধার মেয়ে।

জানা গেছে, সকালে মারিয়া তার বোনের বাড়িতে বেড়াতে আসে। পরে সে তার বোনের মেয়েকে নিয়ে মাদরাসায় উদ্দেশে রওনা হলে পথে সিক্সলেন সড়কে একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জুয়েল ইসলাম বলেন, ‘এ ঘটনা আমাদের কাছে কেউ কোনো অভিযোগ দেয়নি।’