ময়মনসিংহের ভালুকায় তালাবদ্ধ ঘর থেকে সাবিনা আক্তার (৪২) নামে এক নারী গার্মেন্টকর্মীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৮ জুন) দুপুরে উপজেলার সিডস্টোর বাজার আল-আমিন খান নয়নের ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
সাবিনা আক্তার ত্রিশাল উপজেলার কানিহারি ইউনিয়নের তিরখী গ্রামের রুহুল আমীনের মেয়ে। তার স্বামী পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলার উঁচাখিলা ইউনিয়নের কোটের চড় এলাকার স্বপন মিয়া এবং তাদের তিনটি সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিন সকাল থেকে সাবিনা আক্তার ও তার স্বামী স্বপন মিয়ার মোবাইল ফোন বন্ধ থাকায় সিডস্টোর বাজার ভাড়া বাসায় স্বজনরা খোঁজ নিতে এসে ঘরটি বাইর থেকে তালাবদ্ধ দেখে। পরে জানালার ফাঁক দিয়ে ঘরের মেঝেতে সাবিনার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
সাবিনার ছোট ভাই সাদ্দাম হোসেন জানান, তার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করে তার বোনজামাই স্বপন মিয়া ঘরটি তালাবদ্ধ করে পালিয়ে গেছে। তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকারীর কঠিন শাস্তির দাবি করেন।
বাড়ির মালিক আল-আমিন খান নয়ন জানান, সাবিনা আক্তার তার বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি পোষাক কারখানায় চাকরি করতেন। বেশ কিছু দিন যাবৎ স্বামী-স্ত্রীর মাঝে কলহ চলছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, তালাবদ্ধ ঘর থেকে ওই নারীর লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড, তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তসাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।