সিলেট নগরীতে দায়িত্ব পালনকালে বেপরোয়া পিকআপ চালক কর্তৃক এক পুলিশ সদস্যকে থাপ্পড় মারার ঘটনা ঘটেছে। বুধবার রাতে নগরীর দক্ষিণ সুরমা থানাধীন বাবনা পয়েন্টে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক জনরোষ থেকে ওই চালককে উদ্ধার করেন লাঞ্চিত পুলিশ সদস্য। পরে বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, বুধবার সন্ধ্যা রাতে বেপরোয়া গতিতে এক পিকআপকে নগরীর সুবিদবাজার পয়েন্টে পুলিশ সিগন্যাল দেয়। কিন্তু চালক সিগন্যাল অমান্য করে চলে যায়। এমনকি রিকাবীবাজার পয়েন্টে সিগন্যাল দিলেও চালক থামেনি। পরবর্তীকালে এক সার্জেন্ট সিএনজি অটোরিকশা নিয়ে তাকে ধাওয়া করে দক্ষিণ সুরমা থানাধীন বাবনা পয়েন্টে গিয়ে আটক করেন। আটকের সময় এলাকার লোকজন ওই চালককে মারধর করেন। পরে পুলিশের সাথে এলাকার একজনের বাকবিতণ্ডার সময় পুলিশের গালে থাপ্পড় মারেন ওই চালক। এই ঘটনার ভিডিও মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। উপস্থিত জনতার হাত থেকে ওই চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসা শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
আটক পিকআপ চালকের নাম জুয়েল আহমেদ (৩৫)। তিনি দক্ষিণ সুরমা থানার খোজারখলা এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে।
এ ধরনের ঘটনা আর ঘটলে আইনিভাবে মোকাবেলা করা হবে। পুলিশের কাজে কেউ বাধাদান, হেনস্থা বা গায়ে হাত তোলার মতো ঘটনা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।