ময়মনসিংহের ভালুকায় ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহিম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৮এপ্রিল) বিকেল সোয়া ৩টায় ভালুকার ভরাডোবা-ঘাটাইল আঞ্চলিক সড়কের বান্দিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত মাহিম পাশ্ববর্তী ফুলবাড়িয়া উপজেলার কান্দানিয়া গ্রামের সফি মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ থেকে মুড়িবোঝাই একটি ট্রাক কিশোরগঞ্জ যাওয়ার পথে উপজেলা বান্দিয়া এলাকার নাফকো ফার্মা লিমিটেডের সামনে বিপরিত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল-আরোহী মাহিম গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব জানান, ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায়-কবলিত ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।