ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা পৌরসদরের হাসামদিয়া রেললাইনের কাছ থেকে রনি শেখ নামের এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার তুজারপুর ইউনিয়নের তুজারপুর গ্রামের মোস্তফা শেখের ছেলে।

দীর্ঘদিন ধরে পাশের হাসামদিয়ায় একটি মৎস্য আড়তে কাজ করতেন ও এর পাশের একটি বাসায় ভাড়া থাকতেন তিনি। মঙ্গলবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, রনি শেখ প্রতিদিনের মত সকাল সাড়ে ৮টার দিকে মৎস্য আড়তের কাজ শেষ করে বাড়িতে যাওয়ার জন্য বের হন। স্থানীয়রা আজ সকালে রেললাইন পাশে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের মুখ, মাথা, হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ জানায়, রেলের সাথে ধাক্কা লেগে রনি শেখ মারা গেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে তা তদন্তের পর জানা যাবে।