গাজীপুরে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র বিকাশ ব্যবসায়ী আমিনুল ইসলামকে (৩৮) কুপিয়ে আড়াই লাখ টাকা ও পাঁচটি মোবাইল ছিনিয়ে নিয়েছে। পরে ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যায়।

আমিনুল ইসলাম মহানগরীর কোনাবাড়ী বাইমাইল সাইনবোর্ড এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত ওই এলাকার হাজী মার্কেটে বিকাশের ব্যবসা করে আসছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন জানান, শনিবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন ব্যবসায়ী আমিনুল ইসলাম। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি সাদা প্রাইভেটকার থেকে দুই যুবক বের হয়ে ব্যবসায়ীকে চাপাতি দিয়ে কোপ দেয়। এরপর দুর্বৃত্তরা তার সাথে থাকা ব্যাগ থেকে আড়াই লাখ টাকা এবং বিকাশের কাজে ব্যবহৃত চারটি বাটন ও একটি স্মার্ট মোবাইল ছিনিয়ে নেয়। দুর্বৃত্তরা যাওয়ার সময় ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।

তিনি বলেন, এটি একটি বিচ্ছিন্ন এবং অনাকাঙ্খিত ঘটনা। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তথ্য প্রযুক্তির মাধ্যমে দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। বর্তমানে আমিনুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।