সৌদি আরবে গ্যাস পাইপ বিস্ফোরণে নিহত ফেনীর সোনাগাজী চরছান্দিয়া ইউনিয়নের আবদুল মোতালেব (২২) ও আশ্রাফ আলী (২৪) নামে দু’বন্ধুর দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০ টার দিকে নিহতদের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিহত আবদুল মোতালেব চরচান্দিয়া গ্রামের বড় সর্দার বাড়ির আবু তাহেরের ছেলে এবং আশ্রাফ আলী একই গ্রামের আবুল খায়ের সওদাগর বাড়ির একরামুল হকের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিজেদের ভাগ্য বদল করতে গত ১২ জানুয়ারি সৌদি আরবের রিয়াদে যান তারা। সেখানে একটি কোম্পানিতে পাইপ ফিটিংয়ের কাজ পান। কর্মরত থাকা অবস্থায় গত ২ এপ্রিল বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতরের দিন পাইপের মধ্যে জমে থাকা গ্যাস বিস্ফেরিত হয়ে ঘটনাস্থলেই মারা যান আশরাফ আলী। এসময় তার আত্মচিৎকারে এগিয়ে আসেন বন্ধু আবদুল মোতালেব। একই গ্যাসের বিষক্রিয়ায় মারাত্মক আহত হন মোতালেব। তাকে ভর্তি করা হয় সৌদি আরবের কিং সউথ সুমাইসি হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ৪ এপ্রিল মোতালেবও শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

৯ এপ্রিল দিবাগত রাত দেড়টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তাদের লাশ এসে পৌঁছলে মাতা-পিতাসহ স্বজনরা তাদের লাশ গ্রহণ করেন।